গাইবান্ধায় ৮৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে, দুই ধাপে বিতরণ
মোঃ রোমান আকন্দ, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার চরাঞ্চলের ৮ হাজার ৫০০ দরিদ্র ও অসহায় পরিবারকে জীবনযাত্রার মান উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে ৬০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আন্তর্জাতিক সংস্থা GiveDirectly-এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) বাস্তবায়নাধীন ‘চয়েস, হোপ অ্যান্ড রেজিলিয়েন্স (CHAR) বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ অর্থ বিতরণ করা হবে।
রোববার (৮ নভেম্বর) গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিইউকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম, পরিচালক আবু সায়েম মো. জান্নাতুল নূর রিশাত, প্রকল্প সমন্বয়কারী জয়া প্রসাদ এবং GiveDirectly-এর অ্যাসোসিয়েট ফিল্ড ম্যানেজার মো. রাসেদুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়নকারীরা জানান, গাইবান্ধার চরাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের দারিদ্র্য বিমোচন, জীবনযাত্রার মান উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে তাঁরা কাজ করছেন।
প্রকল্পের আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি, ফজলুপুর ও এরেন্ডাবাড়ি এবং সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের চরাঞ্চলের মোট ৮ হাজার ৫০০ পরিবার এ আর্থিক সহায়তা পাবে।
প্রতিটি পরিবারকে মোট ৬০ হাজার টাকা করে দুই ধাপে দেওয়া হবে। প্রথম ধাপে চলতি নভেম্বর মাসে ৯ হাজার টাকা এবং দ্বিতীয় ধাপে আগামী ডিসেম্বর মাসে বাকি ৫১ হাজার টাকা বিতরণ করা হবে। অর্থাৎ প্রতিটি পরিবার দুই ধাপে সর্বমোট ৬০ হাজার টাকা পাবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ আর্থিক সহায়তা চরাঞ্চলের দরিদ্র পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সহায়ক হবে।
DKN News
সত্য ও নির্ভুল খবর সবার আগে।
www.dknnewsbd.com