কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসে আগত সেবাগ্রহীতাদের, বিশেষ করে নারী ও শিশুদের বসার স্থান, বিশ্রামাগার, নামাজের জায়গা ও প্রয়োজনীয় অন্যান্য সুবিধা নিশ্চিত করতে টিনশেড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জনকল্যাণমূলক উদ্যোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দলিল লেখক মাহবুবুর রহমান রুবেলের বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
জানা গেছে, রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসে প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৮০০ জন নারী-পুরুষ বিভিন্ন সেবা নিতে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে পর্যাপ্ত বসার জায়গা, নারীদের জন্য ব্রেস্ট ফিডিং রুম, শৌচাগার ও নামাজের সুব্যবস্থা না থাকায় সেবাগ্রহীতাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এ পরিস্থিতিতে রায়পুর দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির নিজস্ব ব্যবস্থাপনায় সাব-রেজিস্ট্রি অফিসের খালি জায়গায় একটি সেমিপাকা অস্থায়ী টিনশেড, শৌচাগার ও ব্রেস্ট ফিডিং রুম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, এ কাজের জন্য গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা রেজিস্ট্রার বরাবর স্মারকপত্র দেওয়া হয়। পাশাপাশি সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকেও প্রয়োজনীয় অনুমোদন ও সুপারিশ চেয়ে চিঠি পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসকের মৌখিক অনুমতি সাপেক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করেছে সমিতি।
অভিযোগের বিষয়ে মাহবুবুর রহমান রুবেলের বক্তব্য
সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাণকাজ নিয়ে তাঁকে ঘিরে ছড়ানো অভিযোগের প্রতিবাদ জানিয়ে দলিল লেখক মাহবুবুর রহমান রুবেল বলেন, এখানে মূলত নারী সেবাগ্রহীতাদের বসার ও বিশ্রামের জন্য একটি ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। মহিলারা যেন এখানে স্বস্তিতে বিশ্রাম নিতে পারেন, সেই উদ্দেশ্যেই এ ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরও দাবি করেন, জনস্বার্থের এ কাজকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কাছে প্রয়োজনীয় কাগজপত্র ও দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণের প্রমাণ রয়েছে।
সমিতির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সেবাগ্রহীতাদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে, নির্মাণকাজ নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের দাবি জানিয়েছেন সচেতন মহলের অনেকে।
DKN News | সত্য ও নির্ভুল খবর সবার আগে।
www.dknnewsbd.com